স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে জাতিসংঘ সাধারণ পরিষদে স্পেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়টি তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং এলডিসি-পরবর্তী উত্তরণে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানাতে স্পেনের প্রতি আহ্বান জানান।
তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন।
স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা, রেল যোগাযোগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত বৈঠক ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। এছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন