চিকিৎসক সমাজকে নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির নেতারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় চিকিৎসক সমাজের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছেন তারা।
ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৭ জুন একটি টকশোতে চিকিৎসকদের সম্পর্কে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া মন্তব্য চিকিৎসক সমাজের জন্য চরম অবমাননাকর। ড্যাব নেতাদের অভিযোগ, দেশের স্বাস্থ্যখাতের নানা সমস্যার জন্য দীর্ঘদিন ধরে একতরফাভাবে চিকিৎসকদের দায়ী করে তাদের বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরির চেষ্টা চলছে।
তারা দাবি করেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে চিকিৎসকদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
ড্যাব নেতারা বলেন, একজন চিকিৎসক দীর্ঘ শিক্ষাজীবন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ পেশায় প্রতিষ্ঠিত হন। তাই পুরো চিকিৎসক সমাজকে হেয় করে কোনো ধরনের মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালে একটি শিশু মৃত্যুর ঘটনা নিয়ে একটি ইউটিউবভিত্তিক আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক ও ইউটিউবার মাসুদ কামাল প্রসঙ্গের বাইরে গিয়ে চিকিৎসকদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। ড্যাবের ভাষ্য অনুযায়ী, তিনি বলেন, ডাক্তারদের মতো চামার কোন শ্রেণী এই দেশে আর নেই।
এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, চিকিৎসক সমাজের প্রতি এমন অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মাসুদ কামালকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
ড্যাব নেতারা আরও দাবি করেন, কিছু ব্যক্তি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে জনগণকে বিদেশমুখী চিকিৎসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাদের মতে, স্বাস্থ্যখাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পরিবর্তে এসব কর্মকাণ্ড দেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষতি করছে।
বিবৃতিতে মাসুদ কামালের বক্তব্যকে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে বলা হয়, তিনি চিকিৎসকদের সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, তা অনভিপ্রেত ও অশালীন। সংগঠনটির নেতারা তার বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে চিকিৎসক সমাজ ও সাধারণ জনগণকে এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বর্জনের আহ্বানও জানানো হয়।
বিবৃতিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলের স্বাক্ষর রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন