স্বরাষ্ট্রমন্ত্রী

এই বাজেটকে দলীয়করণ আখ্যা দেওয়া ব্যক্তিরা অত্যন্ত নিকৃষ্ট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:৩৭ এএম
এই বাজেটকে দলীয়করণ আখ্যা দেওয়া ব্যক্তিরা অত্যন্ত নিকৃষ্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকারের ঘোষিত বাজেট সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। এই বাজেটকে যারা দলীয়করণ বলে সমালোচনা করছেন, তাদের উদ্দেশে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্যকারীরা অত্যন্ত নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিচ্ছেন।

শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে শুক্রবার (১২ জুন) সকালে কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার কোনো বিশেষ গোষ্ঠীকেন্দ্রিক নয়, বরং সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়েই বাজেট ঘোষণা করেছে। তাই এ বাজেটকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর নিয়ে তিনি বলেন, সফরকে ঘিরে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী জেলার বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এম জি