রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও তাদের অন্য শাখাগুলো সচল রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই।’
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ-দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই ও ছয় শিশুর মৃত্যুর দায় নিতেই হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।’
তিনি আরও যোগ করেন, ‘এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।’
এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের কাঙ্ক্ষিত সেবার মান বৃদ্ধি না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অবশ্য ডাক্তার ও নার্সদের আন্তরিক সহযোগিতায় হামের বিরুদ্ধে দেশব্যাপী শক্ত দেয়াল তৈরি করতে সরকার সক্ষম হয়েছে বলে জানান তিনি।
সবশেষে পেশাগত নিষ্ঠার সঙ্গে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে সব ডাক্তারের প্রতি বিশেষ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন