মন্ত্রিপরিষদ সচিব

দেশে প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:৫৮ পিএম
দেশে প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনাই এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না এবং এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে।

তিনি জানান, প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে।

এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, হরমুজ প্রণালি পরিস্থিতির কারণে এলএনজি ও তেল আমদানিতে বিঘ্ন ঘটছে, ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে। তবে দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি কেনার প্রচলিত পদ্ধতি পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সভায় রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এম জি