আইনমন্ত্রী

পুশইন ইস্যুতে প্রয়োজনে পদক্ষেপ নেবে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০১:০৮ এএম
পুশইন ইস্যুতে প্রয়োজনে পদক্ষেপ নেবে সরকার

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ইস্যুতে প্রয়োজনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি জানান, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বুধবার (১৭ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুশ-ইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে এবং সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, গত এপ্রিলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এবং ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ (থ্রি-ডি) অভিযান শুরুর পর থেকে মে মাসে সীমান্ত দিয়ে পুশইন কার্যক্রম বেড়েছে। এর আগেও ২০২৫ সালের মে মাসে এ ধরনের প্রবণতা দেখা গিয়েছিল।

বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ মে থেকে চলতি বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত আট মাসে বিএসএফ ২ হাজার ৪৭৯ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। তাঁদের মধ্যে ১২০ জন ভারতীয় নাগরিকও রয়েছেন।

একই দিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ভারত ও মিয়ানমার সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে আছিয়া হত্যা মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মামলাটি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে শুনানির জন্য রয়েছে। নির্ধারিত সময়েই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শুনানি সম্পন্ন হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধ বা দলটির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সময়ই সিদ্ধান্ত দেবে।

এর আগে বারইপাড়া গ্রামে ৩৪৯ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পরে খালপাড় এলাকায় তালগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি