দেশে বর্তমানে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, এটি দেশের মোট ভৌগোলিক আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন ও বনভূমি সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে টহল কার্যক্রম জোরদার, স্মার্ট প্যাট্রোলিং এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য।
তিনি জানান, সুন্দরবনসহ সংরক্ষিত এলাকায় সাইবার ট্র্যাকার প্রযুক্তির মাধ্যমে স্মার্ট প্যাট্রোলিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি বন ও বনভূমির রক্ষণাবেক্ষণ, পর্যবেক্ষণ ও বন-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, বন সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে সহ-ব্যবস্থাপনা (কো-ম্যানেজমেন্ট) ও অংশীদারিত্বমূলক বন ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাপক চারা উৎপাদন ও বনায়ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি করা হচ্ছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সংরক্ষিত এলাকার পরিধি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ডিজিটাল ম্যাপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বন্যপ্রাণী দিবস এবং ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের মতো কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।
তিনি আরও জানান, বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬-এর ৬(৪) ধারার আওতায় বন বিভাগের চিহ্নিত অগ্রাধিকারভিত্তিক বনভূমির জরিপ, সীমানা নির্ধারণ এবং রেকর্ড হালনাগাদ কার্যক্রম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন