পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:২৭ পিএম
পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে সব সদস্যের প্যান্টের রং খাকি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশের ইউনিফর্ম সংশোধন করে পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার (১৯ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে। গেজেটে স্বাক্ষর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগের আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু শার্ট ব্যবহার করা হবে। কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু রাখা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ রাখা হয়েছে। হেড কভারও গাঢ় নীল রঙের হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহারের নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।

এম জি