সরকারি চাকরিজীবীদের সামনে আসছে টানা ৪ দিনের ছুটির এক দারুণ সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন তারা।
চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি নির্ধারিত রয়েছে, তবে এই ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) এর সরকারি ছুটি এবং ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি।
এমন অবস্থায় মাঝের দিন অর্থাৎ ২৭ আগস্ট বৃহস্পতিবার মাত্র ১ দিনের ছুটি কেউ ম্যানেজ বা সংগ্রহ করতে পারলেই পেয়ে যাবেন টানা ৪ দিনের লম্বা ছুটি।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকে।
তবে জরুরি সেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং এই কাজে নিয়োজিত কর্মীরাও যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন।
অপরদিকে এই সময়ে ব্যাংক খোলা থাকবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের ছুটির বিষয়টি নির্ধারণ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন