প্রধানমন্ত্রী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৭:৩৩ পিএম
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে

বাংলাদেশেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিশুদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানো হচ্ছে। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ বিভিন্ন খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিশুদের মেধা বিকাশে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, যে শিশু গান করতে চায়, ছবি আঁকতে চায় বা কোরআন তেলাওয়াত করতে চায়-সব ক্ষেত্রেই সুযোগ তৈরি করা হবে।

শিশুদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চায় দক্ষ হতে পারলে একটি শক্তিশালী ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এখান থেকেই মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো খেলোয়াড় উঠে আসবে এবং অলিম্পিকে আরও ভালো অবস্থান তৈরি হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার’স কাপ’ চালু করা হবে। এ সময় তিনি শিশুদের দেশের অ্যাম্বাসেডর হয়ে ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের খেলা উপভোগ করেন তিনি। পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২২ লাখ শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নেয়।

এম জি