বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এ পরিবর্তন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় কার্যকর হবে। এসব পরীক্ষায় এখন থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্বের কার্যবিবরণী টেবিলে উপস্থাপন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত এসআরও নং-৪১২-আইন/২০২৪ অনুযায়ী ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ এর বিধি ১৮এর উপবিধি (১) এর সারণির ক্রমিক নম্বর (৭) এর বিপরীতে উল্লিখিত মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।
তিনি জানান, ৪৭তম বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ৪৮তম ও ৪৯তম-এই দুই বিশেষ বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ এর ২২ক বিশেষ বিধান অনুযায়ী ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন