রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামের এক সন্দেহভাজন যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। আটক হওয়ার সময় ওই যুবক নিজেকে জুলাইয়ের আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে দাবি করেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর ভবনের আশপাশ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে প্রবেশ করে ওই যুবক ক্ষতিগ্রস্ত বা ভাঙা বাড়ির ছবি তুলছিলেন এবং ভিডিও করছিলেন। সেখানে দায়িত্বরত সদস্যরা তাকে ছবি ও ভিডিও করার কারণ জিজ্ঞেস করলে তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। তবে তিনি নিজেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধা বলে পরিচয় দিতে থাকেন।
ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার উপপরিদর্শক আরিফ জানান, ওই ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে ঢুকে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। কেন তিনি এই চিত্র ধারণ করছিলেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি। এরপর তদন্তের স্বার্থে তার মোবাইল ফোনটি দেখতে চাওয়া হলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। এই পরিস্থিতিতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তা জোরদার করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন