প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে।
বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী।
হাইকমিশনার জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকা এবং প্রয়োজনীয় সক্ষমতা তৈরি হওয়ার পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্রেও পর্যটন ভিসা সেবা চালু করা হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, ভ্রমণ এবং পারস্পরিক সম্পর্ক আরও সহজ ও গতিশীল করতে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে চিকিৎসা, ব্যবসা এবং অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারত ভ্রমণের সুযোগ পাবেন।
এদিকে ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমণ্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়।
একই সময় বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) হামলার মুখে পড়ে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভারতীয় হাইকমিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলার কারণে সে সময় বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছিল ভারত।
তবে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে ২০২৪ সালের ৫ আগস্টের পরও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলো সীমিত পরিসরে চালু রাখা হয়।
ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও প্রতিদিন চিকিৎসা, ব্যবসা, শিক্ষাসহ অন্যান্য ক্যাটাগরিতে দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়ে আসছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন