জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৫৮ পিএম
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ 

অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ এ গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নজরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জুন মাসের বিদ্যুৎ বিলে অন্যান্য মাসের তুলনায় বেশি বিল পরিলক্ষিত হচ্ছে বলে গ্রাহক পর্যায় থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে গ্রাহক হয়রানি কমাতে বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া গ্রাহকদের অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

হটলাইন নম্বরগুলো হলো-

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯
বিপিডিবি কল সেন্টার-১৬২০০
পবিবো কল সেন্টার-১৬৮৯৯
ডিপিডিসি লি-১৬১১৬
ডেসকো লি-১৬১২০
নেসকো লি-১৬৬০৩
ওজোপাডিকো লি-১৬১১৭

এম জি