রাজধানীর যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণ এবং ঢাকাকে ঘিরে থাকা নদীপথকে কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত ১২ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে বর্তমানে নির্মাণকাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনকে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করতে হবে না। এতে নগরীর সড়কে যানবাহনের চাপ ও যানজট উল্লেখযোগ্যভাবে কমবে।
বৈঠকে ঢাকাকে ঘিরে থাকা প্রায় ১১০ কিলোমিটার নদীপথকে যাত্রী ও নৌপরিবহনে ব্যবহারের পরিকল্পনাও উপস্থাপন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, এ নৌপথ চালু হলে সড়কের ওপর চাপ কমবে এবং রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃত্তাকার নদীপথে সহজে যাতায়াত করা যাবে।
বিশেষজ্ঞরা জানান, বিদ্যুৎচালিত নৌযান চালুর মাধ্যমে পরিবেশদূষণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং যাতায়াতের সময় হ্রাস করা সম্ভব হবে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান মাহমুদ আমানত ও অধ্যাপক মো. হাদিউজ্জামান উপস্থিত ছিলেন।
সূত্র: ইউএনবি
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন