দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ শুক্রবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর বা সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী- ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। এই সক্রিয়তার কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন