টিডিপি সদস্যদের দক্ষতা বাড়াতে আনসারের অ্যাডভান্সড কোর্স চলমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:০১ পিএম
টিডিপি সদস্যদের দক্ষতা বাড়াতে আনসারের অ্যাডভান্সড কোর্স চলমান

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–১ম ধাপ (অনাবাসিক)’ সফলভাবে পরিচালিত হচ্ছে।

আনসার সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর আনসারের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ- এই চারটি জোনের তত্ত্বাবধানে গত ২৮ জুন শুরু হওয়া ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। চারটি জোনে একযোগে মোট ৮০০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ইতোমধ্যে প্রশিক্ষণের ষষ্ঠ দিন সম্পন্ন হয়েছে।

বাহিনীর ভিশন ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব বিকাশ, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটি নিরাপত্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের প্রথম ছয় দিনের মূল্যায়নে অংশগ্রহণকারীদের উপস্থিতি, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং শেখার আগ্রহ সন্তোষজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে টিডিপি সদস্য-সদস্যাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা আরও বিকশিত হবে। ফলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এএন