এনআইডি সংশোধন সেবায় একাধিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০২:০০ পিএম
এনআইডি সংশোধন সেবায় একাধিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রমে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে পরিচালিত বিভিন্ন ক্যাটাগরির এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

ইসির জারি করা আদেশে বলা হয়েছে, শুধু মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। পাশাপাশি অনলাইনে জমা দেওয়ার উপযোগী আবেদন কোনোভাবেই হার্ডকপিতে গ্রহণ করা হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্বও পুনর্বিন্যাস করা হয়েছে। এতে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির দায়িত্বে থাকবেন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা।

অন্যদিকে ‘খ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরি দেখবেন জেলা নির্বাচন কর্মকর্তা। ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এবং ‘গ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন পর্যায়ের এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করা হতো। তবে নতুন নির্দেশনার ফলে সেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এএন