সৌদিতে থাকা বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:২৮ পিএম
সৌদিতে থাকা বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সৌদি আরবে থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। কোনো অপরাধের ঘটনা বা অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে নিজ উদ্যোগে ব্যবস্থা না নিয়ে দ্রুত দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশিকে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য জানা গেলে অথবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে সৌদি আরবের জরুরি সেবা নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, অপরাধে জড়িত থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে নিজেরা আটক রাখা, জিজ্ঞাসাবাদ করা কিংবা শারীরিকভাবে নির্যাতন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এএন