বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হলো বিনামূল্যের শাটল বাস

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৫৯ পিএম
বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হলো বিনামূল্যের শাটল বাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমানবন্দরের ক্যানোপি এলাকায় সেবাটির উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

প্রাথমিক পর্যায়ে শাটল বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এর ফলে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে কোনো ভাড়া ছাড়াই দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াতের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সেবা বিশেষভাবে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা সৃষ্টি করবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিরসন এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিনামূল্যের শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচক জনবান্ধব ও কল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

এএন