বিএনপি সরকার গঠন করার পর দেশের সিভিল প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। একযোগে ১৭৯ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের মধ্যে ১০টি জেলার জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রথম প্রজ্ঞাপনে দেশে কর্মরত ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে উন্নীত করার আদেশ দেওয়া হয়। পরবর্তীতে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য আন্তর্জাতিক দপ্তরে প্রেষণে কর্মরত আরও ৭ জন কর্মকর্তাকে একই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে নিয়ম অনুযায়ী প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্মসচিবদের এখনো কোনো নির্দিষ্ট দপ্তরে পদায়ন করা হয়নি।
পদোন্নতিপ্রাপ্ত ১০টি জেলার জেলা প্রশাসকেরা হলেন- গাজীপুরের মো. নূরুল করিম ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান এবং ঢাকার ফরিদা খানম। তালিকায় আরও রয়েছেন টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ ও পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
নতুন এই পদোন্নতির পর বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জনে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের পদোন্নতির ক্ষেত্রে মূলত বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচ্য ধরা হয়েছে। এর পাশাপাশি অতীতে বিভিন্ন সময়ে বঞ্চিত হওয়া অন্যান্য ব্যাচের যোগ্য কর্মকর্তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন