জুলাইজুড়েই সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার ও বুধবার তুলনামূলকভাবে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এ ধারা চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে, তা পুরো জুলাই মাসজুড়েই কমবেশি অব্যাহত থাকবে। কখনও বৃষ্টিপাতের মাত্রা বেশি হবে, আবার কখনও কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
তিনি আরও জানান, চলতি মাসের ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। যদিও সেই নিম্নচাপের প্রভাব কমেছে, তবুও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।
বৃষ্টিপাতের পরিসংখ্যান তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৩ মিলিমিটার এবং একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে আরও অন্তত একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কয়েকটি বিভাগের জন্য ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তারপরও ওই এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন