১০১ নতুন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:০৬ পিএম
১০১ নতুন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

সদ্য পদোন্নতি পাওয়া ১০১ জন যুগ্মসচিবকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে। এত দিন তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগে কাজ করবেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৯ জুলাই পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখ করা মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তি দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের পদায়ন করা উল্লেখযোগ্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে— স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিকল্পনা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি যানবাহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: বাসস

জেএইচআর