ত্রাণমন্ত্রী

বন্যার ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ হয়নি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:২৭ পিএম
বন্যার ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ হয়নি

বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যাদুর্গতদের জন্য ১ কোটি টাকার পাশাপাশি আরও ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃষি, সড়কসহ বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আসাদুল হাবিব দুলু বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত চিত্র জানতে আরও সময় লাগবে।

এম জি