বাংলাদেশের দুর্যোগ ও সংকটের সময়ে চীন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ১ লাখ মার্কিন ডলারের ত্রাণ তহবিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের মানুষ যখনই প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটে পড়েছে, তখনই চীন তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি জানান, মানবিক সহায়তার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা এবং নদী ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও বিস্তৃত হলে ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তার প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশ-চীন সম্পর্কের মানবিক সহযোগিতা ও অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন