বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠকে শিক্ষার্থীদের ভিসা জটিলতা দূর করার তাগিদ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৩:৫৩ পিএম
বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠকে শিক্ষার্থীদের ভিসা জটিলতা দূর করার তাগিদ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে শুক্রবার (২৪ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরো সম্প্রসারণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং ব-দ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো আলোচনায় বাড়তি গুরুত্ব পায়।

আলোচনাকালে খলিলুর রহমান নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা এবং ক্রমবর্ধমান হারে ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশি মেধা ও উচ্চশিক্ষা প্রত্যাশীদের সুবিধার্থে এই ভিসা সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে তিনি ডাচ সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত চলমান জটিলতার প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি এ-সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থা প্রত্যাহারের জন্য ডাচ পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।

বাংলাদেশের উত্থাপিত এই বিষয়গুলোর জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডস ইতিবাচক সাড়া দেন। সমস্যাগুলো সন্তোষজনকভাবে সমাধানের লক্ষ্যে ডাচ সরকারের পক্ষ থেকে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার আশ্বাস দেন তিনি।

এম জি