রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর রোববার বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সপরিবারে বঙ্গভবন ত্যাগ করে তিনি রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।
শনিবার এক সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাঁকে সঙ্গে নিয়েই তিনি বিদেশে যাবেন।
শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শনিবার পদ থেকে সরে দাঁড়ান দেশের ২২তম এই রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি 'অটোনোমিক নিউরোপ্যাথি' নামক জটিল রোগে ভুগছেন, যার কারণে মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে থাকছেন না। তিনি তাঁর স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন এবং অফিস করবেন বঙ্গভবনে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং বেলা সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসবে এবং আশা করা যাচ্ছে, সেই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে।
অন্য এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এ ছাড়া পদত্যাগকারী রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়েও দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন