মালদ্বীপের প্রেসিডেন্টের চা চক্রে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৫০ পিএম
মালদ্বীপের প্রেসিডেন্টের চা চক্রে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মালদ্বীপ সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে শনিবার সন্ধ্যায় এক চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে পৌঁছালে প্রেসিডেন্ট মুইজ্জু এই সৌজন্যমূলক চা চক্রের আয়োজন করেন।

মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত তিন দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের মূল উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

এর আগে শনিবার পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপ পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফরকে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পৃক্ততার পথ সুগম হবে এবং আগামী বছরগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ভিত্তি তৈরি হবে।

সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। এ ছাড়া তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারত্ব আরও শক্তিশালী করার উপায়, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সুযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিরা মতবিনিময় করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

জেএইচআর