যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের সাংগঠনিক সভায় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগরের নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। এ ছাড়া গত জাতীয় নির্বাচনে কোথায় কী ভুলত্রুটি ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় নির্বাচনগুলোতে ঐক্যবদ্ধভাবে আলোচনা করে একক প্রার্থী বাছাই করার জন্য নেতাদের বিশেষ নির্দেশনা দেন বিএনপি প্রধান।
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রায় প্রতি সপ্তাহের ছুটির দিনে গুলশানে এই ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করছেন তারেক রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দলের জাতীয় কাউন্সিলের আগে তৃণমূলের বাস্তব চিত্র সরাসরি নেতাদের কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে। একই সাথে মাঠের geography ও রাজনীতিতে ত্যাগী এবং তরুণ নেতৃত্বকে মূল্যায়নের ওপরও জোর দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি একটি ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়া। দলের চেয়ারম্যান নিজে তৃণমূলের সার্বিক খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এর আগে গত ১৯ জুলাই রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গেও অনুরূপ একটি সাংগঠনিক সভা করেন তারেক রহমান। স্থানীয় সরকার নির্বাচনের আগেই দেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে পুনর্গঠন করার মাধ্যমে দলকে সম্পূর্ণ গতিশীল করতে চান তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন