বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:০৮ এএম
বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ প্রথমবারের মতো রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে তাঁর বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর গত রবিবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। সে সময় সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাভার থেকে ফিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

জেএইচআর