ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ এবং ২ হাজার ১৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকার বাসিন্দা সুমন বাসফোর (৪০) নামে এক ব্যক্তির নিজ দখলে থাকা চার কক্ষবিশিষ্ট টিনের বেড়া ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি পালিয়ে গেলেও ঘর তল্লাশি করে ১০০ লিটার চোলাই মদ এবং ২ হাজার ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
পলাতক সুমন বাসফোর উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকার মৃত বাবুল বাসফোরের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান বলেন, মাদক উৎপাদন ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন