বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগকে আর টোকাইয়াও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক সভায় রুমিন ফারহানা এ কথা বলেন।
ব্যারিস্টার রুমিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্না হয়নি। একটা মানুষও আফসোস করেনি। এত বছর পরে আবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। হাসিনা একদিকে পালিয়েছে। আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর মুক্তি, আনন্দ আর আনন্দ। আওয়ামী লীগকে আর টোকাইয়া কোথায় খুঁজে পাওয়া যায় না।
বলেন, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দেই। এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। বারবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে।
সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ক্ষমতায় যাবে সেজন, যেজনকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনোদিন আসতে দেব না।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন