ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত।
বলেন, জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে ডাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন আমান।
বিক্ষোভের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ডাকসু নির্বাচনে শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং।
আমানউল্লাহ আমান বলেন, “ছাত্রশিবিরের মুরুব্বি সংগঠন হলো জামায়াতে ইসলামী। তারা দেশে কোনো নির্বাচন চায় না। নির্বাচন বিলম্বিত করতে তারা দেশে ইন্টেনশনালি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যেন জনগণ মনে করে, বর্তমানে নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা সহ সাম্প্রতিক সব ঘটনার মধ্যে শিবির ও জামায়াতের লোকজন রয়েছে। তারা ভিতরে ঢুকে পরিস্থিতি জটিল করছে এবং জনগণকে বোঝাচ্ছে, দেশে কোনো নির্বাচন হতে পারবে না।”
ডাকসু নির্বাচনে শিবিরকে জেতানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে আমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতীকৃত। তারা একটি সংগঠনকে জেতানোর জন্য যেকোনো চেষ্টা করছে। আমরা আমাদের শরীরে রক্ত থাকলে আর কোনো ধরনের রগ কাটা ইতিহাস হতে দেব না।”
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন