নির্বাচনের আগে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৪:১২ পিএম
নির্বাচনের আগে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন। 

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান।

সারজিস আলম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এই রায়ের মাধ্যমে তাদের আত্মা শান্তি পেয়েছে। একই সঙ্গে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হলো। দল হিসেবেও আমরা আওয়ামী লীগের পূর্ণ বিচার চাই।”

তিনি আরও জানান, নির্বাচনের আগে রায় কার্যকর হলে জনগণ স্বস্তি নিয়ে ভোট দিতে যেতে পারবে। তার দাবি, যেকোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগেই এই রায় বাস্তবায়ন করতে হবে।

এর আগে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেন। এ ছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইএইচ