রুমিন ফারহানা

তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৩৬ পিএম
তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের রাজনৈতিক প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে, যারা দেশে একটি নির্বাচিত সরকার এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় বাধা।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “তারেককে শুধুমাত্র বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ অর্থাৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কি না এটি অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কি না।” তিনি মনে করেন, তাই তারেক রহমানের দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, যেকোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। যদি তারেক রহমান মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার দায় সরকারকেই নিতে হবে।

নির্বাচন নিয়ে বিরাজমান অনিশ্চয়তার প্রসঙ্গে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, পরে জানানো হয় এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কি না এ প্রশ্ন এখন প্রায় সবার মুখেই।

রুমিন ফারহানা বলেন, অতীতের মতো নির্বাচনের উত্তাপে রাজনৈতিক পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা, কিন্তু বর্তমানে তা নেই। বরং সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়েক দিন আগেও এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা এসব কারণে রাজনীতির অঙ্গন ছিল উত্তপ্ত। এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠাণ্ডা।

তিনি আরও জানান, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। রুমিন ফারহানার ব্যক্তিগত মতও খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না।

ইএইচ