বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কাতারে প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্স মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ম্যাডামের মেডিকেল টিম যখনই যাত্রার উপযোগী বলে সিদ্ধান্ত দেবে, কাতার থেকে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে। পুরো ব্যবস্থাপনাই কাতার কর্তৃপক্ষ দেখছে।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কাতারের সঙ্গে বিএনপি নিয়মিত যোগাযোগ রাখছে। জার্মানি থেকে আনা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনাও কাতারেই সম্পন্ন হয়েছে।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এখনো বিমান ভ্রমণের মতো সক্ষমতা ফিরে আসেনি। গত দুই দিনে করা বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। শুক্রবার দুবার বোর্ডের বৈঠক হয়।
২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ দল তার চিকিৎসা করছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবারই লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন