বিএনপি ছাড়ার সিদ্ধান্ত রুমিন ফারহানার,  লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:৫৭ এএম
বিএনপি ছাড়ার সিদ্ধান্ত রুমিন ফারহানার,  লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করছেন।

মঙ্গলবার রাতে একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা জানান, নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া বা মনোনয়নপত্র সংগ্রহের আগেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। দলীয় শৃঙ্খলা ও নৈতিক অবস্থান বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে বিএনপিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আমি আমার নির্বাচনী সিদ্ধান্তে অনড়। এলাকার ভোটাররা আমার সঙ্গে রয়েছেন এবং তারাই ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।

স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, দল প্রয়োজন মনে করলে ব্যবস্থা নিতেই পারে। তবে আগাম পদত্যাগের মাধ্যমে তিনি দলকে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না।

রুমিন ফারহানা আরও জানান, বুধবার দুপুরের মধ্যেই তাঁর পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। প্রতীক কী হবে তা পরবর্তীতে জানানো হবে। তাঁর মূল লক্ষ্য সরাইল-আশুগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জোটের আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবকে সমর্থনের ঘোষণা দেন। এর পরপরই রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে রুমিন ফারহানা এই পাল্টা ঘোষণা দিলেন।

জেএইচআর