ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির নেতা শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া মাহফিলের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী, আজ জুমার নামাজের পর দেশের প্রতিটি প্রান্তে শহীদ হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং তার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার এই রূপকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে গণসংযোগ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন