দীর্ঘ সাত বছরের অভিমান ভুলে আবারও রাজনীতিতে সক্রিয় হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এলাকায় তাকে দেখা যায়।
এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
আলাপকালে মনির খান জানান, সম্প্রতি লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই বৈঠকের পরই তিনি পুনরায় দলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “দলে ফেরার যে খবর ছড়িয়েছে, সেটি সত্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের হয়ে কাজ করব। ইতিমধ্যে আমাকে নির্বাচন পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপকমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলত্যাগ করেছিলেন মনির খান। পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে প্রিয় নেত্রীর প্রয়াণের দিনে আবারও পুরোনো রাজনৈতিক ঠিকানায় ফিরলেন এই কণ্ঠশিল্পী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন