দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের নিস্ক্রিয়তাকে বর্তমান সরকারের বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের তারিখ ঘনিয়ে এলেও এখন পর্যন্ত সারা দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এটি সরাসরি সরকারের ব্যর্থতা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সাহস পাবেন না। তবে পরিস্থিতি খুব দ্রুতই উত্তরণ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্রিকেট এখন কেবল মাঠের খেলা নয়, এর সাথে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের জাতীয় মর্যাদা জড়িত। আমাদের দেশের একজন তারকা ক্রিকেটারকে অপমান করা মানে পুরো বাংলাদেশকে অপমান করা। ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে যে কঠোর অবস্থান নিয়েছে, বিএনপি তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।
তবে বৃহত্তর জাতীয় স্বার্থে ছোটখাটো কূটনৈতিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করারও পরামর্শ দেন তিনি।
ভারতের সাথে বিএনপির ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা কেমন হবে, সে প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতার রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সার্বভৌমত্বের পক্ষে। তিনি বলেন, আমরা যদি ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, তবে ভারতকে আমাদের ন্যায্য দাবিগুলো বুঝতে হবে। বিএনপি সরকার গঠন করলে তিস্তা, পদ্মাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধান করা হবে।
ভারতের বিরূপ আচরণ বন্ধ হলে উভয় দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপিকে একটি ‘পরীক্ষিত রাজনৈতিক দল’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে এই দলের অবদান অনস্বীকার্য। তিনি স্মরণ করিয়ে দেন যে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে আলাপ হচ্ছে, বিএনপি তা বহু আগেই তাদের সংস্কার প্রস্তাবের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছে।
বিদেশে অবস্থানরত সমালোচকদের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, যারা বাইরে বসে বড় বড় কথা বলছেন, ফ্যাসিবাদ তাদের কাছে হয়তো ফ্যাক্টর হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। আমরা রাজপথে লড়াই করতে জানি, ফ্যাসিস্টদের তাড়াতে জানি এবং প্রয়োজনে রক্ত দিতেও জানি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গ তাঁর পিতৃভূমি। অনিবার্য কারণে এই সফর স্থগিত হলেও পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি অবশ্যই পরবর্তীতে উত্তরবঙ্গের মানুষের কাছে আসবেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন