মির্জা ফখরুল

ভুল করলে জনগণ ক্ষমা করবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:৩৯ পিএম
ভুল করলে জনগণ ক্ষমা করবে না

ভুল করলে দেশের জনগণ কাউকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন এবং সবকিছু জানেন। আমাদের যে ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই। আমাদের কোনো ভুলের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলীদের উদ্দেশ্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আপনাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের সার্বিক উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। আপনারা যে পরিকল্পনা ও কাজগুলো করবেন, তা যেন জনকল্যাণে কাজে লাগে। আপনাদের হাত ধরেই বাংলাদেশের অগ্রগতি আরও অনেক দূরে এগিয়ে যাবে।

বিগত সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে, যা এলজিইডি ডিপার্টমেন্ট থেকেই করা হয়েছে। এই ধরনের বিষয়গুলোর দিকে এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে।

তিনি আরও বলেন, আজকে যে নতুন সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই আলোয় আলোকিত হই এবং বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি, যাতে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের সামগ্রিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ ভূমিকার কথা তুলে ধরা হয়।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী প্রমুখ।

জেএইচআর