বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এই দুই খাতের দ্রুত সংস্কার এবং দুর্নীতি সম্পূর্ণ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
মঞ্জু বলেন, একদিকে প্রিপেইড কার্ডের কথা বলা হচ্ছে, আর অন্যদিকে ক্রমাগত দাম বাড়ানো হচ্ছে। এ ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়।
শনিবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, আর্থিক খাতের আমূল সংস্কার করা ছাড়া কোনোভাবেই একটি কার্যকর বাজেট প্রণয়ন করা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্র পরিচালনার পেছনে অতিরিক্ত ব্যয় কমানোর ওপর বিশেষ জোর দেন।
তিনি অভিযোগ করেন, দেশের বাজেট জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতাদের তৈরি করার কথা থাকলেও আসলে এটি আমলারা তৈরি করছেন।
এ ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনভোগী চাকরিজীবী, তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লট কিনছেন এমন ব্যক্তিদের করের আওতার বাইরে রাখার জোর দাবি জানান তিনি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন