সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:০৩ এএম
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ আর নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার মৃত্যু হয়।

হারুন আল রশিদ দেশের একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া অষ্টম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার প্রথম সরকারের সময়ে তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হারুন আল রশিদ। তার পিতা আব্দুল বারী পাকিস্তান আমলে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আদালতের মোক্তার ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবার জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এম জি