আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে নিজেদের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে।
তবে চূড়ান্ত হওয়া এই প্রার্থীদের নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিশে শুরায় চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী করা হচ্ছে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনকে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিককে (সাদিক কায়েম)।
প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীরা হলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং গাজীপুরে তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
এ ছাড়া বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল এবং রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বারকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।
বর্তমানে এই পাঁচ সিটিতে বেশ কয়েকজন প্রার্থীর নাম জোরালো আলোচনায় রয়েছে এবং তাঁদের বিষয়ে জামায়াত আরও নিবিড় পর্যবেক্ষণ করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন