সুস্থ থাকতে হাঁটাচলার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করছেন মির্জা আব্বাস

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৫:৪০ পিএম
সুস্থ থাকতে হাঁটাচলার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করছেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত থেরাপি গ্রহণের পাশাপাশি হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম শুরু করেছেন। তার চলমান চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের একটি সাম্প্রতিক ছবিও গণমাধ্যমে পাঠিয়েছেন।

শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষ করার পর মির্জা আব্বাস স্ত্রী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছু সময় হাঁটাচলা করেন। এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হালকা শারীরিক ব্যায়ামও করেন।

তিনি আরও বলেন, বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিয়মিত থেরাপির পাশাপাশি হাঁটাচলা ও হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করেন।

পরবর্তীতে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বিশেষায়িত থেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন।

এএন