স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০১:৩৭ পিএম
আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ

বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চলমান জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত পার করে দলকে সংগঠিত রাখা হয়েছিল। অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত জুলাই আন্দোলন সফলভাবে শেষ করতে পর্দার আড়ালে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

দেশের ভবিষ্যৎ উন্নয়নে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বাংলাদেশ গঠনে মানুষের প্রত্যাশা অনেক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির রাজনৈতিক পতন ঘটেছে এবং বাংলাদেশে তাদের আর রাজনীতি করার সুযোগ থাকবে না। তার ভাষায়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ‘দাফন’ হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে।

বক্তব্যের শেষদিকে তিনি জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা না করার আহ্বান জানিয়ে বলেন, জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। চেতনাকে পণ্য বানানো উচিত নয়। যারা এ ধরনের কাজ করবে, তাদের পরিণতি দেশের মানুষই দেখবে।

এম জি