বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এ উন্নয়ন কর্মকাণ্ডে যেন কোনো উসকানি বা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা সৃষ্টি করা না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য সরকারের পাশাপাশি বিএনপিও সহযোগিতা করবে। তিনি বলেন, কোনো অপশক্তিকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। সব ধরনের উসকানি ও চক্রান্ত মোকাবিলা করে নিরাপদ পরিবেশে রথযাত্রা উদযাপনে দলটি সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ যেন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়েও বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবে।
স্কুল ফিডিং কার্যক্রমের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে নিম্নমানের খাবার সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন