বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। প্রবেশের সময় তিনি হোটেলের রিসেপশনে দায়িত্ব পালনকারী এক ব্যক্তির সঙ্গে করমর্দন করেন। এরপর দুজনকে একসঙ্গে হোটেলের ভেতরে যেতে দেখা যায়।
ভিডিওর আরও একটি অংশে হোটেলের লবিতে গাজী নজরুল ইসলামকে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতেও গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওকে কেন্দ্র করেও দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়।
ওই ঘটনার পর লিখিত এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর রাজধানীর মগবাজারে অবস্থিত ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে পরিচালিত সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
নতুন ভিডিওটি প্রকাশ্যে আসার পর গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। তবে ভিডিওতে দেখা নারীর পরিচয় এবং তিনি সত্যিই মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চললেও এ অংশটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন