নাহিদ ইসলাম

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেব না

জবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৪৮ পিএম
ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেব না

বাংলাদেশে ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারও আধিপত্য মেনে নেব না, ভারতেরও না, আমেরিকারও না।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যখন জুলাই আন্দোলন করতাম, তখন অপেক্ষা করতাম কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হন।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে জাতি ঋণী। বিভিন্ন সময়ে এ বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতি এখনো পায়নি। সরকারের কাছে আমাদের দাবি, এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ বলেন, অবকাঠামো গুরুত্বপূর্ণ, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো মূল্যবোধ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন প্রয়োজন। ভিসি নিয়োগ ও শিক্ষক নিয়োগ যেন নিয়মতান্ত্রিকভাবে হয়, সেটি নিশ্চিত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এএন