চলতি বছরের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালোভাবে দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা তাদের হিসাব বিশ্লেষণ করে জানিয়েছেন, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৮ মার্চ বুধবার নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম। ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদ জন্ম নেবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত আকাশে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যায় চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাব অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
আল জারওয়ান আশাবাদ ব্যক্ত করেছেন যে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই সূচক অনুযায়ী বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ উদযাপনে ঐকমত্যে পৌঁছাতে পারে। তবে ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে নির্ধারিত হবে।
সাধারণ ধারার ওপর ভিত্তি করে, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ হয়, তবে বাংলাদেশে ঈদ উদযাপন হবে ২১ মার্চ শনিবার। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে ২১ মার্চকে সম্ভাব্য ঈদের তারিখ ধরে সরকারি ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস এই সরকারি পরিকল্পনার সঙ্গেও মিলে যাচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন